‘বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ করো চিত্ত...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত...’ কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এ চরণ লেখা ব্যানার নিয়ে সিলেটে ‘গণজাগরণ মঞ্চ’ গতকাল রোববার বিকেলে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত মিছিলে কবিতার এ চরণগুলো স্লোগানের মতো উচ্চারিত হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুনঃস্থাপিত গণজাগরণ মঞ্চে সমাবেশ হয়। গণজাগরণ মঞ্চের সংগঠকদের অন্যতম দেবাশীষ দেবু জানান, শুক্রবার গণজাগরণ মঞ্চ গুঁড়িয়ে দিয়ে শহীদ মিনারে হামলা-ভাঙচুরের পর তরুণদের উজ্জীবিত করতেই মিছিল ও সমাবেশ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংস্কৃতিকর্মীরাও অংশ নেন। গণজাগরণ মঞ্চের সমাবেশে যোগ দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দে’র আহ্বায়ক মোহামঞ্চদ ইউনুছ, শহীদজননী জাহানারা ইমাম ছাত্রী হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমান, শিক্ষক জাহেদা শারমিন ও জহির উদ্দিন আহমদ।